ইউরোপীয় ডেটা সেন্টারে ৩৩০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল

২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৩৯  
আগামী দুই বছরে ইউরোপিয়ান ডেটা সেন্টারগুলোতে ৩৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের করবে গুগল। আর এর মাধ্যমে ওই অঞ্চলে এক বছরের ১৩ হাজার মানুষের পূর্ণকালীন চাকরি নিশ্চিত করা হবে। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন গুগল প্রধান নির্বাহী সুন্দার পিচাই। নিজের লেখা এক ব্লগ পোস্টের লিংক শেয়ার করে ওই টুইটে তিনি আরো জানান, সামনের বছর ফিনল্যান্ডের হামিনা ডেটা সেন্টারে আরও ৬০ কোটি ইউরো বিনিয়োগ করা হবে। এতে এই ডেটা সেন্টারে গুগলের মোট বিনিয়োগ দাঁড়াবে ২০০ কোটি ইউরো। https://twitter.com/sundarpichai/status/1174986481141575680 পিচাই বলেন, “আমাদের হামিনা ডেটা সেন্টারটি আয় বৃদ্ধি এবং সম্ভাবনার দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সব ডেটা সেন্টারের জন্য দীর্ঘস্থায়ী এবং কম শক্তি খরচের দিক থেকে এটি মডেল হিসেবেও কাজ করে। পাশাপাশি পরিবেশের ওপর ডেটা সেন্টারের প্রভাব কমাতে আমরা অঙ্গীকারাবদ্ধ।” মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, সম্প্রতি ১৬০০ মেগাওয়াট নবায়নযোগ্য শক্তি কিনেছে গুগল। এই বিদ্যুতের অর্ধেক ইউরোপে খরচ করা হবে। এর মাধ্যমে ১০টি নতুন নবায়নযোগ্য শক্তির প্রকল্পও চালু হবে। ইউরোপিয়ান ইউনিয়নে ১০০ কোটি ইউরোর নতুন স্থাপনা বানানো হয়েছে।